Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গণভোট ও জুলাই সনদের দাবিতে ফরিদগঞ্জে জামায়াতের গণমিছিল
গণভোট

গণভোট ও জুলাই সনদের দাবিতে ফরিদগঞ্জে জামায়াতের গণমিছিল

অবিলম্বে গণভোট পুনঃপ্রতিষ্ঠা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে রাজপথে উত্তাল বিক্ষোভ ও বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

শনিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল গণমিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোট দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করো’ সহ সরকারবিরোধী ও দাবি আদায়ের বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী কড়া হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জনতার রায় গণভোট ও জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলা হবে।

বর্তমান নীতি-নির্ধারকদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আমরা যদি রাজপথে নামি, দেশের প্রয়োজনে ৫০ লাখ মানুষ শহীদ হতেও প্রস্তুত থাকবে। কিন্তু আপনারা পালানোর কোনো জায়গা পাবেন না! তাই জনতার উত্তাল তরঙ্গ অনুধাবন করে খুব দ্রুত গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বক্তারা আরও বলেন, বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনাকে যে পরিণতি ভোগ করতে হয়েছে, আপনারা যদি সেই একই ভুল পথে হাঁটেন-তবে আপনাদেরও তার জন্য চরম ও কঠিন মাশুল গুনতে হবে।

উপজেলা জামায়াতের সভাপতি ও নেতাদের সমন্বয়ে আয়োজিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল, পৌর আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের ও মাওলানা সিদ্দিকুর রহমানসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান,
১ আগস্ট ২০২৬