Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / প্রযুক্তির ব্যবহার হোক সত্যের পক্ষে, গুজবের বিরুদ্ধে : ফরিদগঞ্জ ইউএনও
প্রযুক্তির

প্রযুক্তির ব্যবহার হোক সত্যের পক্ষে, গুজবের বিরুদ্ধে : ফরিদগঞ্জ ইউএনও

বদলে যাওয়া বিশ্বের সাথে তাল মিলিয়ে সংবাদচর্চাকে আরও দ্রুত, আধুনিক ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পন্ন হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ প্রশিক্ষণ। সমাপনী দিনে দক্ষ সংবাদ পরিবেশন, প্রযুক্তির যৌক্তিক ব্যবহার এবং সমাজ থেকে গুজব প্রতিরোধের আহ্বান জানিয়ে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় প্রশিক্ষণের সনদপত্র।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের খ্যতনামা গণমাধ্যম বিশেষজ্ঞরা।
প্রথম দিনে ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট সাফায়াত হোসেন, দ্বিতীয় দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল এবং সমাপনী দিনে সেশন পরিচালনা করেন পিআইবির সহকারী পরিচালক ও প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ৩৫ জন‌ সাংবদ কর্মীদের মোবাইল জার্নালিজম, তাৎক্ষণিক লাইভ ব্রডকাস্টিং, ভিডিও এডিটিং ও এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের বাস্তবমুখী কৌশল আয়ত্ত করেন।

এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৭ জন ও হাইমচর প্রেসক্লাবের ৮ জন প্রশিক্ষণ নেয়।

প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সাখাওয়াত হোসেন মিন্টু ও হাইমচর প্রেসক্লাবের সদস্য শিমুল অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, সাংবাদিকতা এখন আর কাগজে-কলমে সীমাবদ্ধ নেই। মাঠের বাস্তব চিত্র মুহূর্তেই মানুষের কাছে পৌঁছে দেওয়াই আধুনিক সংবাদচর্চা। তবে প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের চরম সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সমাজ থেকে সব ধরনের গুজব নির্মূল করাই সংবাদকর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের চোখ হিসেবে কাজ করেন মফস্বল সাংবাদিকরা। আপনাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেখেই আমরা প্রত্যন্ত অঞ্চলের সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে পারি। এ সময় তিনি ফরিদগঞ্জের সংবাদকর্মীদের পেশাগত সুবিধা ও প্রেসক্লাব অবকাঠামো উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ফরিদগঞ্জ এবং হাইমচর উপজেলার অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে পিআইবি’র সনদপত্র তুলে দেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৮ জুলাই ২০২৬