Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পালাখাল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা
পালাখালে

কচুয়ায় পালাখাল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দিন দিন সরগরম হয়ে উঠছে স্থানীয় রাজনীতি। নির্বাচনের সময় ও দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে এখনো নির্ধারিত না হলেও থেমে নেই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনী আমেজে মুখরিত হয়ে উঠেছে গোটা ইউনিয়ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার, চা-দোকান ও জনসমাগমস্থলগুলোতে চলছে জোর গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়। বিভিন্ন ধর্মীয় উৎসব, ঈদ এবং নানা সামাজিক উপলক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল মাধ্যমে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন প্রার্থীরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের প্রার্থীদের দৃশ্যমান কোনো মাঠপর্যায়ের তৎপরতা লক্ষ্য করা না গেলেও প্রচার-প্রচারণায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

খবর নিয়ে জানা গেছে, দুই দল মিলিয়ে বর্তমানে অন্তত ৮জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল, বিএনপি নেতা কামরুল ইসলাম মাষ্টার, সাবেক ছাত্রনেতা ইঞ্জি. মহসিন মোল্লা, সাবেক ছাত্রনেতা রুবেল হোসেন, মাহবুব আলম তাহের, উপজেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নাদিম হোসেন তালুকদার, ইউনিয়ন জামায়াত সমর্থিত প্রার্থী মো: জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আজহারুল ইসলাম পাটোয়ারী।

তারা নিয়মিত ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন। ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের মধ্যে এখন থেকেই নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। মেহমানদারি থেকে শুরু করে চায়ের কাপে আড্ডা সবখানেই এখন মুখ্য বিষয় কে হচ্ছেন পালাখাল মডেল ইউনিয়নের আগামী দিনের কান্ডরি। সাধারণ ভোটাররা জানান, “নির্বাচনের তারিখ না হলেও প্রার্থীরা যেভাবে আমাদের কাছে আসছেন, তাতে বেশ নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে আমরা এমন প্রার্থীকেই বেছে নেব যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।” নির্বাচনী প্রচারণা ও প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখে ¯পষ্ট, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে পালাখাল মডেল ইউনিয়নের নির্বাচনী ময়দান আরও উত্তপ্ত ও প্রাণবন্ত হয়ে উঠবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ জুলাই ২০২৬