চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… ইলাইহি রাজিউন)।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দিক নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কেবিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ১ টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব আনোয়ার বাবলুর আকস্মিক মৃত্যুতে চাঁদপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে রাত থেকেই দলীয় নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ হাসপাতালে এবং তাঁর বাসভবনে ভিড় জমান।
বিভিন্ন মহলের গভীর শোক
চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতারা তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি একজন পরম বিশ্বস্ত, পরীক্ষিত ও অভিজ্ঞ অভিভাবককে হারালো। জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং দলের যেকোনো সংকটে তাঁর অসামান্য অবদান চাঁদপুরের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।” নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
আজ বাদ আছর জানাজা
চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ জানান, পারিবারিক ও দলীয় যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববা বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
স্টাফ করেসপন্ডেট/
২৬ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur