বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ১৬ জুলাই থেকে সফর মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ১২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
বুধবার ১৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে,দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনার পর সফর মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী,প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ,বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো.জহিরুল ইসলাম,ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ,স্পারসো,আবহাওয়া অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে সফর মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতেই ১৬ জুলাই থেকে সফর মাস গণনা শুরু হবে এবং ১২ আগস্ট পালিত হবে আখেরি চাহার সোম্বা।
১৬ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur