মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে শিবচর থানার চর-জানাজাত সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পাঁচটার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে হাতেনাতে ১৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দ করা হয়।
আটক ব্যক্তি এবং জব্দকৃত নৌযানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি আরও জানায়, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষায় ‘বালুখেকোদের’ বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে চাঁদপুর-ঢাকা নৌপথের যাত্রীরা জানান, বর্তমানে চাঁদপুর মেঘনা ও সংলগ্ন পদ্মা নদীর সীমানায় অসংখ্য বালুবাহী জাহাজ ও ড্রেজারের চলাচল দেখা যাচ্ছে। বিশেষ করে শরীয়তপুর ও মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় অগণিত ড্রেজার অবস্থান করছে। এসব বালু উত্তোলন বৈধ কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন তারা।
স্টাফ করেসপন্ডেট/
১০ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur