চাঁদপুর পুরানবাজার মধুসূদন মাঠে অনুষ্ঠিত হয়েছে হরিজন প্রিমিয়ার ফুটবল লিগ-২০২৬। হরিজন ক্লাবের আয়োজনে চাঁদপুরের স্বাগতিক ৩টি কলোনীর দলসহ ৫টি জেলার ৮টি দল অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হরিজন ক্লাব ঢাকা ও হরিজন ক্লাব পুরান বাজার। ফাইনাল খেলায় ২-০ গোলে রিজন ক্লাব ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চাঁদপুরের পুরান বাজার হরিজন ক্লাব।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, আমি মাঠে বসে পুরো ফাইনাল খেলাটি দেখেছি। গত বছরের খেলা দেখেছি বৃষ্টির মধ্যে। আজকের খেলা অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। প্রতি বছরই এ খেলার আয়োজন করা হয়। মাঠে বসে অনেকদিন পরে একটা সুন্দর ফাইনাল খেলা দেখলাম। দু’দলেই সাবলীল খেলা খেলেছে।
তিনি আরো বলেন, আপনাদের সমাজের পরিবারের সদস্যরা সন্তানদেরকে লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতির সাথে জড়িত রাখবেন। তাহলে সমাজ মাদকমুক্ত কিশোর গ্যাং মুক্ত থাকবে। বর্তমানে জেলার পুলিশরা নিয়মিত ভাবে মাদক অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। খেলাধুলার জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে আমার।
তিনি বলেন, আপনার সন্তান কার সাথে মিশে কার সাথে চলছে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিনই সংসদে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়। গত ১৭ বছরের এসব সমস্যাগুলো করে গেছে ফ্যাসিবাদী সরকার। হরিজন সম্প্রদায়ের যারা খেলাধুলা আয়োজনের সাথে জড়িত তারা যদি ৩ মাস পর পর আন্তঃজেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সেখানে আমার সহযোগিতা থাকবে।
হরিজন পঞ্চায়েত কমিটির প্রধান কৈলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল হাসান।
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাওন পাটওয়ারীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ প্রমুখ।
হরিজন প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলগুলো হলোঃ- চাঁদপুর সূর্যমুখী হরিজন যুব ক্লাব, যুব কল্যাণ সংঘ চট্টগ্রাম, চৌহমুনি হরিজন সেভেন স্টার ক্লাব, রেলওয়ে হরিজন ঐক্যতান ক্লাব চাঁদপুর, হরিজন ক্লাব মাদারীপুর, হরিজন ক্লাব পুরান বাজার, হরিজন ক্লাব মুন্সীগঞ্জ ও হরিজন ক্লাব ঢাকা।
স্টাফ রিপোর্টার/ ১৯ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur