চাঁদপুরের ইলিশ বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। গত এক মাসের ব্যবধানে দেশের অন্যতম বৃহৎ ইলিশ মোকাম চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দাম কেজি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় দাম কমাতে বাধ্য হয়েছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।
মৎস্য ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেও এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে একই আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। এছাড়া এক কেজির নিচের ইলিশের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে রয়েছে।
চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, বর্তমানে স্থানীয় নদীতে ধরা ইলিশ দিয়েই বাজারের চাহিদা মেটানো হচ্ছে। আড়তগুলোতে বড় আকারের ইলিশ পাওয়া গেলেও সরবরাহ খুব বেশি নয়। তবুও দাম কিছুটা কমে আসায় ক্রেতাদের আগ্রহ বাড়তে শুরু করেছে।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন ও নাহিদ হোসেন জানান, সরবরাহ এখনো উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তবে উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতা বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় বিক্রি কমেছে। এ কারণে ব্যবসায়ীদের দাম কমাতে হয়েছে। তারা আশা করছেন, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম আরও ২০০ থেকে ৩০০ টাকা কমতে পারে।
ইলিশ আড়তদার জিয়া প্রধানীয়া জানান, সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা মাছ শিকারে নেমেছেন। তবে সেই মাছ চাঁদপুরের ঘাটে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। জুলাই থেকে পূর্ণাঙ্গ মৌসুম শুরু হলে নদী ও সমুদ্র উভয় উৎসের ইলিশ বাজারে আসবে। তখন সরবরাহ বাড়ার পাশাপাশি দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
চাঁদপুর মাছঘাটে ঘুরতে আসা রাজশাহীর বাসিন্দা নয়ন জানান, চাঁদপুরের ইলিশের স্বাদ ও মান ভালো হওয়ায় এখানে মাছ কিনতে এসেছেন। তিনি বলেন, দাম কিছুটা কমেছে, তবে আরও কমলে কেনাকাটা বাড়বে।
আরেক ক্রেতা আশিকুর রহমান তুষার জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে। যদিও মাছের পরিমাণ এখনো সীমিত। ব্যবসায়ীদের মতে, ক্রেতা কমে যাওয়ার কারণেই দামে এই পরিবর্তন এসেছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে ঘাটে প্রতিদিন ১০ থেকে ১২ মণ ইলিশ সরবরাহ হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্রের ইলিশ বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী দিনগুলোতে ইলিশের দাম নিম্নমুখী থাকতে পারে। তবে এর সবকিছুই নির্ভর করবে সরবরাহ বৃদ্ধির ওপর।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur