Home / চাঁদপুর / চাঁদপুরে বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁদপুরে বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

চাঁদপুরে যাত্রীবাহী বোগদাদ বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জনক।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল। খবর পেয়ে তিনি ওই বৃদ্ধার বাড়িতে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, ঘটনার সময় ওই নারী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ছিটকে পড়ে মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে লোকজন তাকে বাড়িয়েত নিয়ে যায়।

বৃদ্ধার মেয়ে শাহীনা আক্তার বলেন, প্রতিদিন সকালে তার মা ওই সড়ক দিয়ে হাঁটেন। আজকেও হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, যে পরিবহন ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা এখনো চিহ্নিত হয়নি। ঘটনার পর ওই পরিবহন স্থান ত্যাগ করে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রতিবেদক: আশিক বিন রহিম,  
১৬ জুন ২০২৬