Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ব্যবসায়ী নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

কচুয়ায় ব্যবসায়ী নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন

কচুয়ায় নিখোঁজের দুই দিন পর নুরুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কচুয়া বাজারের সার ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার তুলপাই গ্রামে।
নিহতের ছোট ছেলে ছানাউল্লাহ জানায়, গত শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে দোকান বন্ধ দেখে পাশের ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন অসুস্থতার কথা বলে তিনি বাড়ি ফিরে গেছেন। কিন্তু বাড়িতেও পৌঁছাননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শনিবার রাতে পুলিশ জানায়, কুমিল্লার সদর দক্ষিণ থানার শ্রীনিবাস পূর্বপাড়া হাইওয়ে রোডের পাশের একটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে নুরুল ইসলামের মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ বাড়িতে নিয়ে আসে। এবং হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তুলপাই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের ছেলে ছানাউল্লাহ বলেন, আমার বাবার সাথে কারও কোনো শত্রুতা বা ঝগড়া-বিবাদ ছিল না। কি কারণে তাকে এমন নির্মম হত্যাকান্ডের শিকার হতে হলো তা আমরা বলতে পারছি না। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানাই।
এদিকে ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যাকান্ডের বিচার এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া বাজারের সার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, ব্যবসায়ী নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি হারানো জিডি করা হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছিলাম। এরই প্রেক্ষিতে শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানা থেকে মরদেহের বিষয়ে একটি বার্তা আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ বিষয়ে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রতিবেদক: জিসান আহমে নান্নু, ১ জুন ২০২৬