নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, এবারের ঈদে নৌপথে যাত্রীসেবায় সরকার সবোর্চ্চ সচেষ্ট ছিল। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়। তাই যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। এছাড়া ঘাটে যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধানেও কাজ চলছে।’
রোববার (৩১ মে) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন ।
প্রতিমন্ত্রী রাজীব আহসান আরও জানান, চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কিছু অংশ কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে।’
তিনি বলেন, ‘পন্টুন আধুনিকায়ন ও ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখলে নৌপথ আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।’ এছাড়া চলতি কালবৈশাখী ঝড়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা দ্রুত সময়ের মধ্যে মেরামত করার নির্দেশ দেন তিনি।
বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিসের বিষয়ে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিস নতুন করে চালু করা যায় কি না, তাও ভেবে দেখছে সরকার। তবে শতবছরের পুরনো স্টিমার মেরামত করে ভালো ফলাফল পাওয়া যাবে কি না, এটা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিআইডব্লিউটিএ’র (সদস্য প্রকৌশল) রকিবুল ইসলাম, পরিচালক (নিরীক্ষা) গোলাম ফারুক চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুল ইসলাম, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, উপপরিচালক (ট্রাফিক) বাবুলাল বৈদ্য প্রমুখ।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান চাঁদপুরে পৌঁছালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রতিবেদক: আশিক বিন রহিম
৩১ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur