Home / চাঁদপুর / মাঝ নদীতে অসুস্থ যাত্রীর জরুরি সেবায় এগিয়ে এলো চাঁদপুর কোস্ট গার্ড

মাঝ নদীতে অসুস্থ যাত্রীর জরুরি সেবায় এগিয়ে এলো চাঁদপুর কোস্ট গার্ড

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও হাসপাতালে পাঠানো হয়।


বুধবার (২০ মে ) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


তিনি জানান, মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে ভোলা থেকে দোয়েল পাখি-৮ নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন এক অসুস্থ ব্যক্তি। রাত প্রায় ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন।


এসময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে সিভিল অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

-কবির হোসেন মিজি/ ২০ মে ২০২৬