Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / জেলা পর্যায়ে  সাফল্য মতলব দক্ষিণের  ৮৬ খেলোয়াড়কে সংবর্ধনা 

জেলা পর্যায়ে  সাফল্য মতলব দক্ষিণের  ৮৬ খেলোয়াড়কে সংবর্ধনা 

চাঁদপুরে  নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের  স্বীকৃতিস্বরূপ মতলব দক্ষিণ উপজেলার  ৮৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ মে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন, 

তরুণ খেলোয়াড়দের এ সাফল্য  মতলব দক্ষিণ  এবং চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। জেলা পর্যায়ে ২২ টি ইভেন্টের মধ্যে ১৮ টি ইভেন্টে বিজয় লাভ করে মতলব দক্ষিণ উপজেলার সুনাম অক্ষুণ্ণ রেখেছে তার জন্য আমরা গর্বিত। বিভাগীয় পর্যায়ে  আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও  আমার বিশ্বাস ।

তিনি আরো বলেন, কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পর্যায়ের  বিজয়ী ১৮ টি ইভেন্টের মধ্যে বেশীরভাগ ইভেন্টে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা বিজয় লাভ করায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকির হোসেন কামালকে ধন্যবাদ জানানো হয়।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির প্রমুখ। 

পরে জেলা পর্যায়ে ১৮ টি ইভেন্টে বিজয়ী ৮৬ জন খেলোয়াড়দের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।

-মাহফুজ মল্লিক, ১৪ মে ২০২৬