সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজের বিপরীত পাশে আঞ্চলিক সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকারের নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং সরকারি বিভিন্ন দপ্তর ইতোমধ্যে এ কার্যক্রম শুরু করেছে। রোপণকৃত গাছের রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরো জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি তার নির্বাচনী এলাকা সদর ও হাইমচরে প্রায় দুই লাখ গাছের চারা বিতরণ করা হবে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে গাছ রক্ষায় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন আহমেদ জিয়াউর রহমান, সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/ ১৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur