মা— ছোট্ট একটি শব্দ, অথচ এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা, মমতা আর নিঃস্বার্থ ত্যাগের গল্প। একজন সন্তানের জীবনে প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং প্রথম বন্ধুর নাম মা। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের স্বপ্ন, আরাম, সুখ— সবকিছু বিসর্জন দিতে দ্বিধা করেন না তিনি। তাই মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের বিশেষ দিন হিসেবে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস। সেই ধারাবাহিকতায় আজ রবিবার (১০ মে) মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মা দিবস পালিত হয়েছে। বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করে। মায়ের পা ধুয়ে সন্তানরা বলেন,
প্রতিটি মানুষের জীবনে মা হলেন নিঃস্বার্থ ভালোবাসা, মমতা, ত্যাগ ও নির্ভরতার প্রতীক। তাঁর এই অসীম অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই আজকে দিবসটি পালন করছি। কর্মব্যস্ত জীবনে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য একটি বিশেষ দিন হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়।
মা দিবসের আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাভেদ হোসেন তার বক্তব্য বলেন, বিশ্ব মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি মায়ের প্রতি হৃদয়ের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় প্রিয় মানুষটিকে বলা হয় না— ‘মা, তোমাকে অনেক ভালোবাসি।’ অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, অসুস্থতার সময় পাশে থাকেন এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জোগান। তাই এই দিনটি যেন মায়ের প্রতি না বলা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সুযোগ হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক ( মা) বৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১০ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur