Home / চাঁদপুর / চাঁদপুরে ‘মিনি কক্সবাজারে’ বিপুল গাঁজাসহ আটক দুই কারবারি

চাঁদপুরে ‘মিনি কক্সবাজারে’ বিপুল গাঁজাসহ আটক দুই কারবারি

চাঁদপুরে যাত্রীবাহী বোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১২ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে চাঁদপুর মেঘনা নদীর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বোটের ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নদীপথ ব্যবহার করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও নদীপথসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শরীফুল ইসলাম/ ২২ এপ্রিল ২০২৬