চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।পরিবারভিত্তিক সচেতনতা ছাড়া এটি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কিশোর গ্যাং দমনে অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা জরুরি।
সোমবার (১৩ এপ্রিল) সকালে চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বালু উত্তোলন, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খোলামেলা আলোচনা হয়।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, চাঁদপুর শহরে যানজটের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এর থেকে উত্তরণে পরিকল্পনা গ্রহণ করতে হবে।শহরের রাস্তা প্রশস্তকরণ, বিকল্প সড়ক নির্মাণ, নদী ভাঙন রোধ এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে অটোরিকশাগুলোকে পুনরায় শৃঙ্খলার মধ্যে আনতে হবে।
তিনি বলেন, জ্বালানি তেলের সংকট নিরসনে তেলের পাম্পগুলোতে নজরদারি বাড়াতে হবে। অতিরিক্ত তেল সংগ্রহ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের বারতি নজরদারি প্রয়োজন।এছাড়া শহরে ট্রাক্টর চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী প্রমুখ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৩ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur