চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও এলাকায় এক খুচরা ডিজেল বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৫০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ
উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও ঢালী মার্কেটে অভিযান চালানো হয়।
অভিযানে ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে মোঃ হাসান (৩২) এর দোকানে জ্বালানি তেল বিক্রির লাইসেন্স ও বিক্রির মুল্য তালিকা দেখাতে না পারায় দোকান মালিক মোঃ হাসানকে আটক করে থানায় নিয়ে আসে এবং ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক।
সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরে শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় এবং নিজের দোষ স্বীকার করায় মোঃ হাসানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট কেএম ইশমাম।
এসময় ইউএনও কেএম ইশমাম বলেন, দোকান মালিক লাইসেন্স না করে
জ্বালানি তেল বিক্রি করা,মুল্য তালিকা না টানানো, নির্ধারিত মূল্যের অধিক দামে ডিজেল বিক্রি প্রমানিত হওয়ায় এবং নিজে তার অপরাধের দোষ শিকার করায় ভোক্তা অধিকার ২০০৯ আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৩৫০ লিটার ডিজেল মতলব দক্ষিণ থানার কাজে ব্যবহারে প্রদান করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur