Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ফিলিং স্টেশনসহ ৪টি তেলের প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

মতলবে ফিলিং স্টেশনসহ ৪টি তেলের প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১টি ফিলিং স্টেশনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা ও ১জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ দুপুর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলার নায়েরগাঁও ও নারায়ণপুর বাজার এলাকায় বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় জেল ও জরিমানা করা হয়।


অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। এসময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাহিদা মোতাবেক জ্বালানি তেল ( ডিজেল, পেট্রোল ও অকটেন) বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা না টানানো, লাইসেন্স না থাকায় এবং ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় একটি ফিলিং স্টেশনকে ২ লক্ষ টাকা, খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ২ টিকে ৬৫ হাজার টাকা জরিমানা ও ১ টি প্রতিষ্ঠান মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সেগুলোর মধ্য রয়েছে, নায়েরগাঁও বাজারের প্রধানীয়া ফিলিং স্টেশন মালিক আলমগীর হোসেনকে ২ লক্ষ টাকা, একই বাজারের খুচর বিক্রেতা জাকির ট্রেডার্স এর ম্যানেজার কাউসার আহমেদ (৪৫)কে ৪০ হাজার টাকা জরিমানসহ ১১৫ লিটার ডিজেল জব্দ করা হয় এবং নারায়ণপুর বাজারের খন্দকার ট্রেডার্স এর মালিক মোঃ বাবুল খন্দকার (৫২) কে ২৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।এছাড়া নারায়ণপুর বাজারের মেসার্স হারুন ট্রেডার্স এর পরিচালক আব্দুল মোতালেব (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাড কেএম ইশমাম বলেন,জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের সঠিক তথ্য দিতে না পারায় এবং লাইসেন্স না থাকায় ১ টি ফিলিং স্টেশনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠান থেকে জব্দ করা ১১৫ লিটার ডিজেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের জন্য প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১ এপ্রিল ২০২৬