Home / উপজেলা সংবাদ / হাইমচর / জাটকা নিধন ও মাদক প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

জাটকা নিধন ও মাদক প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

চাঁদপুরের হাইমচর উপজেলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় জাটকা রক্ষা, কিশোর গ্যাং দমন এবং মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা উপজেলার প্রধান সমস্যাগুলো তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, জাটকা ও চিংড়ি রেণু রক্ষা: অসাধু জেলেরা আইন অমান্য করে জাটকা শিকার করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ উপায়ে চিংড়ি রেণু নিধন বন্ধে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়।

কিশোর গ্যাং ও মাদক: এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। বাজার মনিটরিং: আসন্ন দিনগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আলগী বাজারসহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

সভায় হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আশরাফুল হাসান ও কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল, ৬নং চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল এবং ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল।

সভাপতির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, “সরকারি সম্পদ রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। জাটকা নিধন ও মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৩১ মার্চ ২০২৬