Home / আন্তর্জাতিক / হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন ইরানের

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরান টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানা গেছে। দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন এই টোল ব্যবস্থার ঘোষণা ইতোমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ওমানের সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ প্রতিদিন এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথকে কূটনৈতিক চাপ সৃষ্টির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে—এমন আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। তথ্যসূত্র: বিবিসি নিউজ