চাঁদপুরের ফরিদগঞ্জে খোলাবাজারে অতিরিক্ত দামে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ বাজারের কেরোয়া ব্রিজ সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে খবর ছড়িয়ে পড়ে যে, পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে বাজারের একটি দোকানে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই দোকানির বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই নুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসান বলেন, “অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur