ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানায়, বার্তায় মোজতবা খামেনি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের ধর্মীয় নেতা ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরাকের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির স্পিকার এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এক ইরাকি কর্মকর্তার কাছে এই বার্তা পৌঁছে দেয়া হয়।
চলতি মার্চের শুরুতে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে বা রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়নি। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো খুব খারাপ অবস্থায় আছেন। কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অন্যদিকে জেনেভায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে মোজতবা খামেনি জনসমক্ষে আসছেন না।
৩০ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur