Home / জাতীয় / সংসদে উত্থাপন হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ  
sangsad

সংসদে উত্থাপন হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশ  

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। এ তথ্য জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন।

বুধবার দুপুরে সংসদ ভবনে দ্বিতীয় দিনের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “সব সংসদ সদস্যকে অধ্যাদেশের কপি পাঠানো হয়েছে। যাচাই-বাছাইয়ে বেশি সময় লাগবে না।”

মঙ্গলবার প্রথম বৈঠকে প্রায় অর্ধেক অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। সংসদে দেওয়া নির্দেশনা অনুযায়ী, ২ এপ্রিলের মধ্যে বিশেষ কমিটি প্রতিবেদন দেবে।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন। এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রস্তাব দেন জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের। কণ্ঠভোটে কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন: ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন, জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, নাটোর-১ আসনের ফারজানা শারমীন পুতুল, রাজশাহী-১ আসনের মো. মুজিবুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খান এবং সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম।

সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশ সময়মতো পাস না হলে সেগুলোর আইনি বৈধতা থাকবে না। এ কারণে বিশেষ কমিটিকে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হচ্ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনসহ একাধিক কার্যসূচি ছিল।

২৫ মার্চ ২০২৬

এ জি