চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ, প্রতিবন্ধী শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মাহমুদুর রহমান, অ্যাডভোকেট দুলাল গাজী, মজিবুর রহমান, মো. আল-আমিন, রাসেল শেখ, তালুকদার, আতাউর রহমান রানা, মো. সোহেল গাজী, মো. রাজু খান, রনি মজুমদার, আকাশ দত্ত, দীপক, সৌরভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবছরের মতো এ বছরও ঈদ উপহার বিতরণের আয়োজন করেছে। তিনি আরও বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা যায়, মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিতভাবে মাদকবিরোধী সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ, মশা নিধন কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের সদস্যরা জানান, সমাজের কল্যাণে তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur