Home / চাঁদপুর / চাঁদপুরে নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠান উপভোগ করলেন সাধারণ মানুষ
নবগঠিত

চাঁদপুরে নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠান উপভোগ করলেন সাধারণ মানুষ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর এই নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠান উপভোগ করেছেন চাঁদপুরের সাধারণ মানুষ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা তথ্য অফিস বড় স্ক্রিনের মাধ্যমে শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

বিকেল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হতে থাকেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও আগ্রহভরে অনুষ্ঠানটি উপভোগ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী বলেন, সবার সঙ্গে একত্রিত হয়ে বড় স্ক্রিনের মাধ্যমে শপথ অনুষ্ঠান উপভোগ করার অভিজ্ঞতা ছিল সত্যিই ব্যতিক্রমধর্মী ও স্মরণীয়। এমন আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি উপস্থিত সবার মাঝে এক ধরনের ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করেছে।

ইয়াসিন নামের আরেকজন বলেন, বড় পর্দায় সরাসরি সম্প্রচারের এ আয়োজন সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করায় শহরে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।এমন উদ্যোগ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সবার অংশগ্রহণে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই একসঙ্গে ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী থাকতে পারেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১৭ ফেব্রুযারি ২০২৬