ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। অপর আসন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এ জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। জেলার ৭০৬টি ভোটকেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁদপুর-১ (কচুয়া): এই আসনের ১১০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর): ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): ১১৮টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ প্রতীক) এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৫৯৯ ভোট। ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট এবং জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (এলডিবি) ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।
বেসরকারি ফলাফলে চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয় এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ে জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur