Home / চাঁদপুর / চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
উৎসবমুখর

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

চাঁদপুরে উৎসব-উৎকণ্ঠার মিশেলে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

পুরুষ ভোটরদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বেড়েছে তেমনিভাবে বেলা পড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও কমে আসে।

দু-একটি কেন্দ্রে জাল ভোট দেওয়া এবং প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতির বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেশিরভাগ কেন্দ্রে ৩৫ থেকে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

চাঁদপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে শহরের পুরান বাজারে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকহারে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন মজুমদার জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৪৪ জন। নয়টি বুথে শুধুমাত্র মহিলারা ভোটদান করছেন। এখানকার অধিকাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদানের শুরু থেকেই মহিলা ভোটাররা বিড়ম্বনায় পড়ছেন। ভূতগুলোর সামনে এলাকা ভিত্তিক ইন্ডিকেটর না দেওয়ায় তারা এক রুম থেকে অন্য রুমে ছুটে বেড়াতে দেখা গেছে। ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী পুলিং কর্মকর্তা আরিফুর রহমান যত্ন সহকারে দায়িত্ব পালন লক্ষ্য করার গেছে।

এছাড়া চাঁদপুর সদর উপজেলার আসিকটি, মৈশাদী, বাগাদি এবং লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রতিটি কেন্দ্রেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে এক্ষেত্রে বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের চেয়ে দাঁড়িপাল্লা বা অন্য প্রার্থীদের কর্মী-সামর্থকের উপস্থিতি ছিল অনেকটাই কম। প্রতিটি বুথে সকল প্রার্থীর নির্বাচনী এজেন্ট দেখা গেছে। এমনকি যেসব প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে গিয়েছেন তাদের এজেন্টদেরও প্রতিটি বুথে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। বিভিন্ন কেন্দ্রে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কয়েকজন ভোটার জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট।

উল্লেখ্য : চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ ফেব্রুয়ারি ২০২৬