Home / চাঁদপুর / চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে পৌর শ্রমিক দলের মিছিল
প্যাপিরাস

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে পৌর শ্রমিক দলের মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে বিশাল মিছিল ও গণসংযোগ করেছে পৌর শ্রমিক দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিলটি শুরু করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ করেন। মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি কালু শিয়াল, সাধারণ সম্পাদক ছোটন বেপারী, যুগ্ম সম্পাদক সজিব লস্কর, সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মকবুল হোসেন শেখ, সহ-সভাপতি সোহেল গাজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক একজন অভিজ্ঞ, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর-৩ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে অবিচল ও সোচ্চার ভূমিকা রেখে আসছেন। গত ১৭ বছর ধরে তিনি প্রতিটি নেতাকর্মীর সুখ-দুঃখে পাশে থেকে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। শেখ ফরিদ আহমেদ মানিক বিজয়ী হলে তার হাত ধরেই চাঁদপুরের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এ সময় তারা চাঁদপুরের উন্নয়ন ও ভবিষ্যতের কথা চিন্তা করে দল-মত নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার/
৬ ফেব্রুয়ারি ২০২৬