৮ মে রবীন্দ্রজয়ন্তী-২৫ মে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী এবং ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে। দেশব্যপী এ উৎসব পালন করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ও বর্ষবরণ ১৪৩৩’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি।
সংস্কৃতি মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী সুস্থ সংস্কৃতি চর্চাকে আরও জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করবো।
তিনি বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সুর সপ্তকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফেরদৌস আরা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুরসপ্তক শুদ্ধ ও সুস্থ সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে আমাদের শিকড়ের গান ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।
সাংস্কৃতিক পর্বে ফেরদৌস আরার একক পরিবেশনা ছাড়াও দেশের বরেণ্য শিল্পী আবিদা সুলতানা, খুরশিদ আলম, রফিকুল আলম, অনিমা রায়, কোনাল ও ঝিলিক সঙ্গীত পরিবেশন করেন।
৩ মে ২০২৬
এ জি