মাদ্রাসায় ৩২৫০ জিপিএ-৫, কারিগরিতে ৮৮৬
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। কারগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।
শনিবার সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়,মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার গত বছর ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন।
অন্যদিকে,কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার গত বছর ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬শ ১০ জন। দু বোর্ডেই পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। সে হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫শ ৮৩ জন শিক্ষার্থী।
২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর ২০২৬
এ জি