হাজীগঞ্জ-শাহরাস্তি ছোট হাট বাজারগুলোতে আর ইজারা রাখা হবে না : ইঞ্জি. মমিন এমপি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেছেন, আমাকে পুলিশের প্রটোকল দেয়া লাগবে না, আমি পুলিশ প্রটোকল নেবো না। এমন কি আমি সরকারি কোনো গাড়ি ও ফ্ল্যাট নেবো না।” এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে আমার আপন বলতে কেউ নেই। কোনো অন্যায় আবদার আমার কাছে চলবে না, ন্যায় আবদার করলে আমরা আছি।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মো. মমিনুল হক এমপি আরো বলেন, হাজীগঞ্জে সড়কের পাশে যারা বালুর ব্যবসা করেন, তাদের সড়কের পাশের ৫০/৬০ ফুট ছেড়ে দিতে হবে। ওভারলোড বালু পরিবহন, ত্রিপলবিহীন বালু পরিবহন করা যাবে না। রেজিস্ট্রি অফিসে উপকারভোগীরা সরকারি ফি জমা দেবে, জমি রেজিস্ট্রি করবে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে পারবে না।

এক মাসের মধ্যে আমরা মধ্যস্বত্বভোগী বন্ধ করবো। সরকারি জমি খুঁজে বের করে আমরা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করবো। মাদক নির্মূলে সবার সহযোগিতায় কাজ করবো। হাজীগঞ্জ-শাহরাস্তিতে কোনো ভূমি দখলকারী, পেশাদার সালিসদার (সালিস) থাকতে পারবে না। যেখানে পেশাদার সালিস থাকবে সেখানে আপনারা মুরুব্বীগণ যাবেন না, তবেই দেখবেন পেশাদার সালিস দূর হয়ে যাবে। আমাদের দুই উপজেলার ছোট ছোট হাট বাজারগুলোতে আর ইজারা রাখা হবে না।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আলাউদ্দিন তরুণ, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, যুবনেতা আবু বকর তফদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

স্টাফ করেসপন্ডেট/
২৬ ফেব্রুয়ারি ২০২৬