হাজীগঞ্জে ভাই বোনের বিরোধে বাবার চিকিৎসায় অবহেলা, গোপনে দাফনের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, সম্পত্তির লোভে অসুস্থ বাবার চিকিৎসায় অবহেলা এবং মৃত্যুর পর গোপনে দ্রুত দাফনের অভিযোগ উঠেছে পরিবারের এক সদস্যের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নং কালচোঁ ইউনিয়নের ওড়পুর পূর্বপাড়ার বাসিন্দা শাহজান মাস্টার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
অভিযোগ রয়েছে, তার কথিত কন্যা পান্না আক্তার গত সাতদিন ধরে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখেন।
এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
গত বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে, মৃত্যুর খবর ঢাকায় অবস্থানরত ভাই-বোনসহ অন্যান্য আত্মীয়দের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তারা পরদিন সকালে বিষয়টি জানতে পারেন।
এদিকে, কোনো ধরনের জটিলতা এড়াতে দ্রুতই তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এতে পরিবারের অন্য সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেননি, যা তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা গেছে, জীবদ্দশায় শাহজান মাস্টার অবিবাহিত ছিলেন পান্না আক্তারকে পালিত কন্যা হিসেবে লালন পালন করেন ও বিপুল পরিমাণ সম্পত্তি দান করেন।
এ নিয়ে শাহাজান মাষ্টারের ভাই-বোনদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল এবং জমি সংক্রান্ত একটি মামলাও বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের ধারণা, যথাযথ চিকিৎসার অভাবই তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।
মৃতের ভাই-বোনরা ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমাদের না জানিয়ে তাকে দাফন করা হয়েছে। আমরা শেষবারের মতো তাকে দেখতে পারিনি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি।’’
হাজীগঞ্জ করেসপন্ডেট/
৫ এপ্রিল ২০২৬