Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে পূর্ব নোটিশ ছাড়াই প্রবাসীর বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

হাজীগঞ্জে পূর্ব নোটিশ ছাড়াই প্রবাসীর বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় ড্রেনেজ নির্মাণ কাজ চলাকালে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এক প্রবাসীর বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার ভোরে হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী প্রবাসী মো. শরিফ হোসেনের পরিবার জানায়, তারা বাড়িতে না থাকার সুযোগে ড্রেন নির্মাণের নামে তাদের সীমানাপ্রাচীর, গেইট, সিসিটিভি ক্যামেরা এবং গাছপালা ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া ও ঠিকাদার শওকত বাপ্পির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পৌরসভার ড্রেন নির্মাণ কাজ শুরু হলে তাদের সম্পত্তির পাশ দিয়ে ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে পরিবারকে কোনো লিখিত নোটিশ বা আইনগত অনুমতি দেওয়া হয়নি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বাপ্পি বলেন, “পৌরসভার পক্ষ থেকে শরিফকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কোনো সমাধান না হওয়ায় জনস্বার্থে এবং প্রশাসনের নির্দেশে দেয়াল অপসারণ করা হয়েছে।” তিনি দাবি করেন, ইউএনও’র অনুমতি নিয়েই দেয়াল ভাঙা হয়েছে। অভিযোগ বিষয় জানাতে চাইলে তিনি বলেন আমরা প্রবাসীর বিরুদ্ধে মানহানীর মামলা প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া বলেন, “দেয়াল নির্মাণের সময় পৌরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি। এছাড়া আইন অনুযায়ী রাস্তা থেকে ৫ ফুট দূরত্ব রেখে প্রাচীর নির্মাণের বিধান থাকলেও তা মানা হয়নি। তাই জনগণের স্বার্থে ও কাজের অগ্রগতির জন্য দেয়াল অপসারণ করা হয়েছে।” সিসি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সিসি ক্যামেরা আমরা খুলে আমাদের কাছে রেখে দিয়েছি। এবং দেয়াল নির্মাণ কালে পৌরসভা ভূমিকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন তখন আমরা বলতে পারবোনা।

হাজীগঞ্জ প্রতিনিধি/ ১০ মে ২০২৬