হাজীগঞ্জে ট্রলি-সিএনজির সংঘর্ষে যাত্রীর মৃত্যু, আহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিবরিয়া আলম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী রিনা বেগম (২৫)।

প্রত্যক্ষদর্শী ও আহত রিনা বেগম জানান, তারা হাজীগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা ছিটকে সড়কের দুই পাশে পড়ে যান। গুরুতর আঘাতে কিবরিয়ার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি হৃদয়বিদারক পরিস্থিতি দেখতে পান। আহত রিনার বরাত দিয়ে তিনি নিহতের পরিচয় নিশ্চিত করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর জব্বার জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্র্রতিবেদক: শরীফুল ইসলাম/
২৭ মার্চ ২০২৬