Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় অঙ্গীকারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর শপথ গ্রহণ অনুষ্ঠান। নবীন ও প্রবীণ সাংবাদিকদের এই মেলবন্ধন স্থানীয় সংবাদিকতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সোমবার (৩০শে মার্চ) হাইমচর প্রেসক্লাব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। হাইমচরের উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে প্রেসক্লাব সবসময় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। নবনির্বাচিত কমিটি তাদের লেখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠতা বজায় রেখে পেশাগত মান উন্নয়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহর সঞ্চালনা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর গীতা পাঠ করেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বিমল চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ এহসানুল হক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেন মোল্লা, জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।

এছাড়া আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন ২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর বলেন, “একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচিত হয়েছে, যা প্রেসক্লাবের গৌরবকে আরও বৃদ্ধি করবে।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির মোট ১৩ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ নেন। তারা তাদের বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, ইউপি সচিব জসিম উদ্দীন রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ব্যাজ দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ) /
৩০ মার্চ ২০২৬