পেশাগত কাজে যখন তিনি সমাজের অসঙ্গতি তুলে ধরতে ব্যস্ত, ঠিক তখনই নিজের ঘরেই হানা দিলো চোরচক্র। হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক এবং ঢাকা জার্নাল ও দৈনিক কালবেলা-র প্রতিনিধি সাংবাদিক শিমুল অধিকারী সুমন-এর বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় ওই এলাকায় জননিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা শিমুলের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র ঘরে প্রবেশ করে। তারা আলমারিতে থাকা নগদ টাকা, টিনের ঘরের পাটাতনে মজুদ রাখা প্রায় ৩-৪ মণ শুকনো সুপারি এবং একটি সঞ্চয়ী প্লাস্টিকের ব্যাংক নিয়ে চম্পট দেয়। উল্লেখ্য যে, ইতিপূর্বেও কয়েকবার তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরভৈরবী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বর্তমানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে এলাকার সুপারি বাগানগুলোতে প্রতিনিয়ত মাদক সেবনের আলামত পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতেই মাদকাসক্তরা এই চুরির সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়েছে। জননিরাপত্তার এমন অবনতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাংবাদিকের বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১১ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন”একজন কলম সৈনিকের বাড়িতে বারবার চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা যখন সমাজের সেবা ও নিরাপত্তার জন্য দিনরাত কাজ করেন, তখন তাদের পরিবার ও জানমালের নিরাপত্তা না থাকা লজ্জাজনক। আমরা অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ভুক্তভোগী সাংবাদিকের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন। এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ইতোমধ্যে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত করছে এবং চোর শনাক্তসহ মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে এখন দুশ্চিন্তায় শিমুল অধিকারী ও তার পরিবার। এলাকাবাসীর দাবি, শুধু এই চুরি নয়, এলাকায় মাদকের বিস্তার রোধেও পুলিশকে আরও কঠোর হতে হবে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ
১১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur