হাইমচরে শ্রমিক দল সহ-সভাপতি মুনসুর গাজী ইন্তেকাল
হাইমচর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মুনসুর গাজী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুনসুর গাজী দৈনিক চাঁদপুর ও দৈনিক মতলবের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হোসেন গাজীর বাবা।
তাঁর মৃত্যুতে হাইমচর উপজেলা বিএনপি ও হাইমচর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এদিকে, মরহুমের জানাজার নামাজ রোববার বাদ আছর মহজমপুর দারুস সালাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদকের হাবিবুর রহমান ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোস্তফা।
জানাজার নামাজের পূর্বে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন আহমেদ বেপারীর পরিচালনা বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আশপাশের ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশকারীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মহজমপুর দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
২৫ অক্টোবর ২০২৬