হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা
চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নবাগত মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং অবসরপ্রাপ্তদের পাওনা দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ মে) উপজেলার ঐতিহ্যবাহী চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শেখ আহসান উল্লাহ মিলন আয়তনে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষকদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দুর্গাপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষককে সবার আগে নৈতিক হতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত। একজন প্রকৃত শিক্ষকের কাছে এমন আচরণ কখনোই সমচীন নয়। এ ধরনের কর্মকাণ্ড সমাজে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল শিক্ষকদের সতর্ক করে বলেন, “অনেক শিক্ষক রাজনীতির অজুহাতে বিদ্যালয়ে সময় না দিয়ে বাইরে ঘুরে বেড়ান, যা কোনোভাবেই কাম্য নয়।”
অনুরূপ উদ্বেগ প্রকাশ করেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিক। তিনি বলেন, “রাজনীতির নামে শ্রেণিকক্ষ ফাঁকি দিয়ে কোনো শিক্ষক যেন সমালোচিত না হন। বিশেষ করে বিএনপি মনা শিক্ষকদের আমি সতর্ক করছি—আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে শিখুন।” তিনি কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শিক্ষক সমাজকে সোচ্চার হওয়ার এবং নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান।
হাইমচর উপজেলার সহকারী কমিশনার ভূমি নাহিদ আহমেদ বলেন, শিক্ষক শিক্ষিকাদের মহৎ হওয়ার পাশাপাশি মানবিক আদর্শে ছাত্র সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি বলেন, “শিক্ষকগণ সমাজের আলোকবর্তিকা। তাঁরা অবসরে গেলেও তাঁদের আদর্শ ও শিক্ষা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। তাঁদের এই সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ নতুন প্রজন্মের শিক্ষকদের উৎসাহিত করবে।”
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্কুল মাঠে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা ও বেতন-ভাতা দ্রুত এবং সহজ উপায়ে পাওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে প্রবীণ শিক্ষক মোশারফ হোসেন ও স্বপন সরকার আক্ষেপ করে বলেন, “চাকরি শেষে ভাতার টাকা পেতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জীবনের শেষ সময়ে এটাই আমাদের একমাত্র সম্বল। আমরা চাই সরকার যেন দ্রুত ও সহজ পদ্ধতিতে এই টাকা প্রদানের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির নেতা হারুন গাজীসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। সবশেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ৬ মে ২০২৬