চাঁদপুরের হাইমচর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (৬ মে) উপজেলার রায়ের বাজার এবং নয়ানী লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ আলগী এলাকার রায়ের বাজার-টেককান্দি সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় ৫ পিস ইয়াবাসহ মোঃ জুম্মান আখন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জুম্মান হাইমচর উপজেলার কমলাপুর গ্রামের মৃত শাহজাহান আখনের ছেলে।
অপর এক অভিযানে এসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ নয়ানী লক্ষ্মীপুর এলাকার নয়ানী চৌরাস্তা সংলগ্ন কাজী গো মসজিদের সামনে থেকে আনোয়ার (৩০) নামে একজনকে গ্রেফতার করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামের চান্দু গাজীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা (মামলা নং-৬/১০৯ এবং ৭/১১০) রুজু করা হয়েছে।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবারই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ) / ৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur