হাইমচরে মদ-ইয়াবা সেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার
চাঁদপুরের হাইমচরে মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে স্বপন খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঈশানবালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় বাহেরচর তদন্তকেন্দ্রে কর্মরত এসআই জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ঈশানবালা এলাকায় খলিল মাতুব্বরের বাড়িসংলগ্ন কাঠের পুলের পূর্ব পাশ থেকে মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে স্বপন খানকে আটক করা হয়।
গ্রেপ্তার স্বপন খান নীলকমল ইউনিয়নের সুলতান মোল্লার কান্দি গ্রামের মুলাম খানের ছেলে।
পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হলে পরীক্ষার রিপোর্টে তার শরীরে অ্যামফিটামিন (AMP) ও মেথামফিটামিন (MET) পজিটিভ পাওয়া যায়।
এ ঘটনায় ৪ নভেম্বর হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ও ২৫ ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৪ নভেম্বর ২০২৬