হাইমচরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

হাইমচরে পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নীলকমল ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাইমচর থানার মামলা নং-২২, তারিখ ২৯ এপ্রিল ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারার মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ জুয়েল দেওয়ান (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল জেলার হিজলা থানার চরজানপুর গ্রামের সিরাজ দেওয়ানের ছেলে এবং বর্তমানে হাইমচরের নীলকমল গুচ্ছগ্রামে বসবাস করছেন।

অপরদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এএসআই (নিঃ) ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জালিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানাভুক্ত অপর আসামি আঃ কাদির সর্দারকে গ্রেপ্তার করেন। তিনি হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বগুলা এলাকার মৃত মোঃ বাছির সর্দারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আদালতের জিআর পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইমচর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১০ সেপ্টেম্বর ২০২৬