হাইমচরে নবাগত ইউএনও – ওসি সঙ্গে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ

চাঁদপুরের হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, হাইমচর একটি নদীবেষ্টিত ও চরাঞ্চলসমৃদ্ধ উপজেলা। এখানকার মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও আইনশৃঙ্খলার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের মানুষ জরুরি চিকিৎসাসেবা থেকে অনেক সময় বঞ্চিত হন। তাই চরাঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স চালু, গুরুত্বপূর্ণ সড়কগুলোর দ্রুত মেরামত এবং নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানানো হয়।

পাশাপাশি উপজেলার সকল নাগরিক যাতে কোনো ধরনের বৈষম্য ছাড়াই সরকারি সেবা ও নাগরিক অধিকার পান, সে বিষয়েও জোরালো আবেদন জানান তারা। জনবান্ধব প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত হাইমচর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মোঃ ছফিউল্লাহ বলেন, “হাইমচরের মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য। চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং সরকারি সেবায় কোনো ধরনের বৈষম্য না রাখার বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হলে একটি সুন্দর ও আধুনিক হাইমচর গড়ে তোলা সম্ভব।”

উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল বলেন, “হাইমচরকে আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আশা করি, নবাগত ইউএনও ও ওসি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন এবং হাইমচরের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”

সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাব ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মোঃ ছফিউল্লাহ, সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল, যুব আন্দোলনের সভাপতি নূরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ রিপন মুন্সি, নীলকমল ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আক্তার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে হাইমচরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নদীভাঙন, চরাঞ্চলের যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব হাইমচর গড়ে উঠবে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৭ আগস্ট ২০২৬