হাইমচরে ড্রেনেজ সমস্যা নিরসন ও মাদক দমনের নির্দেশ এমপির
চাঁদপুরের হাইমচর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা সদরের ড্রেনেজ সমস্যা দ্রুত সমাধান এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘পদ্মজল’-এ এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, উপজেলা সদর আলগী বাজারে ড্রেন না থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা প্রকৌশলীকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে থানা পুলিশকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। সভায় উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রকৌশলী আশরাফুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল জলিল, ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির শিকদার এবং ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলী জুলহার সরকার।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
৩০ জুলাই ২০২৬