হাইমচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার উদ্যোগে আজ এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারি ও চাঁদপুর–৩ (হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে। আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি—যদি কেউ জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করে, তবে জামায়াতে ইসলামী জীবন বাজি রেখে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “হাইমচর একটি চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি হাইমচরের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং হাইমচর সরকারি ডিগ্রি কলেজকে অনার্স কলেজে রূপান্তর করা হবে, ইনশাআল্লাহ।”
গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীর এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৯ ফেব্রুয়ারি ২০২৬