Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

হাইমচরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সারাদেশের ন্যায় চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।

​বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। তিনি তার বক্তব্যে বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা পৌঁছে দিতে পারলে পুষ্টি বৈষম্য দূর করা সম্ভব।”

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, হাইমচর প্রেসক্লাব সভাপতি ​মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক ​জাহিদুল ইসলাম, হাইমচর থানা সাব-ইন্সপেক্টর মোঃ ফারুকুল ইসলাম, হাইমচর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সুষম খাদ্যের অভ্যাস গড়ে তোলা এবং মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করাই এই সপ্তাহের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

​ প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ২৩ এপ্রিল ২০২৬