হাইমচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহড়ায় ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ করে সিলিন্ডার গ্যাসের আগুন নিয়ন্ত্রণের বাস্তবধর্মী কৌশল দেখে উপস্থিত দর্শনার্থীরা ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি বলেন, “দুর্যোগ বলে কয়ে আসে না, তাই প্রস্তুতিই আমাদের প্রধান শক্তি। এই ধরণের মহড়া সাধারণ মানুষের মাঝে আত্মবিশ্বাস ও সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি।

হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মহড়াটি সার্বিকভাবে পরিচালনা করেন হাইমচর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত সকলকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় এবং যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়।

মহড়া শেষে একটি র‍্যালি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
১০ মার্চ ২০২৬