হাইমচরে চেয়ারম্যান প্রার্থী নজির দেওয়ানের গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজির আহমেদ দেওয়ান গণসংযোগ করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি গাজীর বাজার, ভিংগুলিয়া, আনন্দবাজার, কে.ভি.এন. বাজার, চৌধুরী বাজার ও রায়ের বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মো. নজির আহমেদ দেওয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়নের ছোটলক্ষ্মীপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
গণসংযোগ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী নজির আহমেদ দেওয়ান বলেন, “আমি উত্তর আলগী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে এলাকার সমস্যাগুলো সমাধান এবং উন্নয়নমূলক কাজ করতে চাই। আমি আশা করি, দল আমাকে সমর্থন জানাবে। এ জন্য আমি সমর্থন চেয়ে আবেদন করেছি।”
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নটিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলে পুরস্কার অর্জনের উপযোগী করতে চান। এ অর্জন তিনি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে উপহার দিতে চান বলেও উল্লেখ করেন।
গণসংযোগকালে উপজেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৮ অক্টোবর ২০২৬