চাঁদপুরের হাইমচর থানা পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার পাড়াবগুলা সাকিনস্থ মালেরহাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার গিয়াস উদ্দিন মোল্লার ছেলে পলাশ মোল্লা (৪৫) এবং হুমায়ুন কাজীর ছেলে মো. রাসেল কাজী (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই সমীর দাস, এসআই সৌরভ দাস ও এএসআই রিয়াজ উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালেরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
৩ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur