হাইমচরে কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের, আবাদ বেড়েছে ১৮ গুণ

চাঁদপুরের নদীবিধৌত হাইমচর উপজেলায় অর্থকরী ও উচ্চমূল্যের ফসল হিসেবে কালোজিরা চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। স্বল্প খরচ, কম সময় এবং বাজারে আকর্ষণীয় দাম থাকায় এ অঞ্চলের কৃষকদের কাছে ‘কালো হীরা’ হিসেবে পরিচিতি পাচ্ছে এই ফসল। গত বছরের তুলনায় এ বছর উপজেলায় কালোজিরার আবাদ বেড়েছে প্রায় ১৮ গুণ।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত অর্থবছরে উপজেলায় মাত্র ১ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কালোজিরা চাষ করা হয়েছিল। ফলন ভালো হওয়ায় এবং চরাঞ্চলের বেলে-দোঁআশ মাটি উপযোগী হওয়ায় এ বছর চাষাবাদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হেক্টর জমিতে। ধান কাটার পর পতিত থাকা জমিকে কাজে লাগিয়ে কৃষকরা এই লাভজনক ফসল আবাদ করছেন।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ এবং ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। গত বছর মাত্র ৯ জন কৃষককে প্রদর্শনী দেওয়া হলেও এ বছর ২৫ জন কৃষককে সরাসরি প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় আরও ১০ জন কৃষককে বীজ ও কারিগরি সহায়তা দিয়েছে উপজেলা কৃষি অফিস।

মাঠে কর্মরত কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কালোজিরা চাষে রোগবালাই তুলনামূলক অনেক কম। কৃষকদের প্রাপ্ত তথ্যের একটি সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো:

কৃষকরা জানান, প্রতি বিঘায় যে পরিমাণ খরচ হয়, তার তুলনায় কয়েক গুণ বেশি লাভে তারা ফসল বিক্রি করতে পারছেন। চরের পতিত জমিতে বাড়তি আয় হওয়ায় পরিবারগুলোতে সচ্ছলতা ফিরছে।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাকিল খন্দকার বলেন, “গত বছরের তুলনায় এ বছর আমরা আবাদে অভাবনীয় সাড়া পেয়েছি। আমরা কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে সহায়তা করছি। কালোজিরা একটি অপ্রচলিত কিন্তু অত্যন্ত লাভজনক ফসল। সরকারি সহায়তা ও সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে হাইমচর ভবিষ্যতে কালোজিরা উৎপাদনের অন্যতম হাবে পরিণত হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক বিপণন ব্যবস্থা গড়ে উঠলে হাইমচরের এই মডেল সারা দেশের চরাঞ্চলে ছড়িয়ে দেওয়া সম্ভব। এতে কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের ভেষজ ও মসলা জাতীয় ফসলের চাহিদাও পূরণ হবে।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)
২৬ ফেব্রুয়ারি ২০২৬